ডেস্ক রিপোর্ট | ডেইলি ফিউশন ২৪
শুধুমাত্র সন্তানের নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ট্যুরিস্ট ভিসা ব্যবহার করা অনুমোদিত নয় বলে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে মার্কিন দূতাবাস।
বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, কেউ যদি মূলত সন্তানের জন্মের মাধ্যমে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে তা ভিসার শর্ত লঙ্ঘনের মধ্যে পড়ে।
দূতাবাসের ভাষ্য অনুযায়ী, কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন আবেদনকারীর প্রকৃত উদ্দেশ্য ‘বার্থ ট্যুরিজম’-এর মাধ্যমে শিশুর নাগরিকত্ব নিশ্চিত করা, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করা হতে পারে।
পোস্টে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসা নীতিমালার আওতায় এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়। তাই আবেদনকারীদের ভিসার জন্য আবেদন করার সময় ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য সঠিকভাবে উল্লেখ করার আহ্বান জানানো হয়েছে।
একই সঙ্গে ভুল তথ্য প্রদান, তথ্য গোপন করা বা ভিসার শর্ত ভঙ্গের ক্ষেত্রে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে দূতাবাস।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা নীতিতে স্বচ্ছতা নিশ্চিত করতেই এ বার্তা দেওয়া হয়েছে, যা ভিসা আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কসংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।

0 Comments